কচু দিয়ে মাছের ঝোল
আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কচু দিয়ে মাছের ঝোল। এই রান্না টি খুবই সহজ এবং খেতেও খুব মজা। খুবই কম সময়ে এই মজাদার রান্নাটি আপনিও খেতে পারেন।
উপকরণ:
১। পরিমাণ মতো কচু
২। ইলিশ মাছ অথবা যেকোনো ধরনের মাছ
৩। পরিমাণ মতো লবণ
২। পরিমাণ মতো মরিচ গুঁড়া(যে যেমন ঝাল খাবেন)
৩। ১.৫ চা চামচ আদা বাটা।
৪। এক চা চামচ রসুন বাটা
৫। এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা
৬।এক চা চামচ জিরে গুঁড়ো
৭। এক চা চামচ ধনে গুঁড়া
৮। পরিমাণ মতো তেল
পদ্ধতি:
প্রথমে একটি প্রেসার কুকারে অথবা হাঁড়িতে পরিমাণ মতো লবণ ,হলুদ ও অল্প পরিমাণ মরিচ গুড়া দিয়ে কচু টাকে সেদ্ধ করে নিতে হবে। এরপরে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে, লবণ ,হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ১০-১৫ মিনিট মেরিনেট করে রাখতে হবে। এবার একটা কড়াই অথবা ফ্রাইপ্যান নিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে, মাছটাকে ব্রাউন কালার বা বাদামি কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মাছ টাকে একটা বাটিতে তুলে রাখতে হবে। অপরদিকে কড়াই এর ঐ তেলে পেঁয়াজ বাটা দিয়ে হালকা ভেজে নিতে হবে। তারপর একে একে আদা বাটা, রসুন বাটা, একটু মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর অল্প একটু পানি দিয়ে মসলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন মশলাটা ভালো করে কষালে আপনার তরকারিটা বেশি মজাদার হবে। মশলা কষা হয়ে গেলে সেখানে আপনি সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিবেন। কচুগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিবেন। তারপরে ভাজা মাছগুলো কচুর মধ্যে দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ জ্বাল করে ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে, তৈরি হয়ে যাবে মজাদার কচু দিয়ে মাছ রান্না।
সবশেষে, কিছু ধনেপাতা অথবা কিছু টমেটো সালাদ কেটে নিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম মজাদার কচু দিয়ে মাছ রান্না।
Comments
Post a Comment